গোপালগঞ্জে পুলিশ-বিজিবির টহল, পাশে অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গোপালগঞ্জ শহরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ টহলের সময় দেশি অস্ত্র হাতে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের

2026-11-19T18:13:44+00:00
2026-11-19T18:13:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে পুলিশ-বিজিবির টহল, পাশে অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
গোপালগঞ্জ শহরে পুলিশ ও বিজিবির যৌথ টহলের সময় পাশে দেশি অস্ত্র হাতে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ শহরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ টহলের সময় দেশি অস্ত্র হাতে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। টহল দলের গাড়িবহরের পেছনে মোটরসাইকেলেও অস্ত্র হাতে তাদের চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অন্তত ২০টি গাড়িতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ টহলে বের হন। শুরু থেকেই গাড়িবহরের পেছনে মোটরসাইকেলে দেশি অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা যায়।

টহল দল শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে কয়েকজন ভিড়ের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো চলাচলের পথ করে দেন। এ সময় তাদের অনেকের হাতে রামদা, হকিস্টিক, কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। অস্ত্র উঁচিয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও স্লোগান দিতে বলেন তারা।

কয়েকজন টহল দলের গাড়ির পেছনে উঠে পড়েন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বারবার অস্ত্র প্রদর্শন করেন। তবে পুলিশ ও বিজিবির সদস্যরা এ সময় কোনো প্রতিক্রিয়া দেখাননি।

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে দেশি অস্ত্র হাতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ পরিস্থিতিতে শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীরা আসেনি। সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও ছিল ফাঁকা। দুপুরের আগেই অনেক বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।


মহাসড়ক থেকে শহরে প্রবেশের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

গতকাল বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জেলা ছাত্রদলের সদস্যসচিব শাওনের ভাই মো. সাজিদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর এলাকায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্যার দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দুপুর সোয়া ১২টার দিকে গোপালগঞ্জ সদরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া দুপুরে মুকসুদপুর থানায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গোপালগঞ্জ  পুলিশ  বিজিবি  টহল  নিষিদ্ধ ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: