ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ছবি : সংগৃহীতগোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টির মধ্যেই জেলার ঘোনাপাড়া এলাকায় জড়ো হতে থাকেন তারা। বেলা ১১টার দিকে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন।
সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মহাসড়কের বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপর দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে। দোলা পাম্প ও শহরের লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অবস্থান ছিল। পিকেটারদের বাইরে সড়কে সাধারণ মানুষের চলাচলও ছিল খুবই কম।
বৃহস্পতিবার ভোর থেকেই গোপালগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে ও অফিসের কাজে বের হওয়া মানুষ যানবাহন না পেয়ে বৃষ্টির মধ্যে হেঁটে গন্তব্যে যান।
সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করতে দেখা যায়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় সড়কের অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেন কয়েকজন। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও গাছের গুঁড়ি ফেলে রাখা হয়।
মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ওই পথে হেঁটেও চলাচল করা যাচ্ছে না।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি ছিল না বললেই চলে। শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা।
মহাসড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও তা ছিল সীমিত। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মধ্যবর্তী ছোট অংশে এসব যান চলেছে। ফলে যাত্রীদের কিছু দূর যাওয়ার পর নেমে অন্য যানবাহনে উঠতে হয়েছে।
নীলা মাঠ এলাকা থেকে কয়েকজনকে হেঁটে ঘোনাপাড়ার দিকে যেতে দেখা যায়। তাদের মধ্যে দুজন নারী জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। শহর থেকে কর্মস্থলে যাওয়ার জন্য কোনো যানবাহন না পেয়ে বৃষ্টিতে ভিজে হেঁটেই যাচ্ছেন।
সকাল থেকেই ঘোনাপাড়া মোড়ে একদল লোক অবস্থান নেন। সকাল সোয়া ৯টার দিকে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। এতে এলাকার বদনাম হচ্ছে। এ কারণে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন তারা।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে বুধবার রাত থেকে দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকে রয়েছে। রাত ১০টা থেকে সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ বিভিন্ন যান আটকে পড়ে। মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, কাটা গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সিলেট থেকে পাথর নিয়ে বাগেরহাটের কাটাখালী যাওয়ার পথে ডাম্পট্রাক নিয়ে দোলা পাম্প এলাকায় আটকা পড়েন চালক মোহাম্মদ আলী। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়ে বুধবার ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে গোপালগঞ্জে প্রবেশ করেন।
মোহাম্মদ আলী বলেন, মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা বন্ধ রাখা হলেও পণ্যবোঝাই গাড়ি দেখে ছেড়ে দেওয়া হয়। এরপর উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। সেখান থেকেও পার হন। পুলিশ লাইনস এলাকার বাধা অতিক্রম করে রাত ১০টার দিকে দোলা পাম্পে পৌঁছান। এরপর আর এগোতে পারেননি। সেখানে গাছ ফেলে পুরো সড়ক বন্ধ করে রাখা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যন্ত্রের সাহায্যে গাছ কেটে সড়কে ফেলার পাশাপাশি কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানো হয়।
সময়ের আলো/এসএকে