বন্ধ খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুট, চরম দুর্ভোগে যাত্রীরা

খুলনা ব্যুরো

সারাদেশ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস

2026-11-19T15:47:00+00:00
2026-11-19T15:47:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বন্ধ খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুট, চরম দুর্ভোগে যাত্রীরা
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। ছবি : সময়ের আলো
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ ও অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ যাত্রীরা।

সংশ্লিষ্ট পরিবহন কাউন্টার ও মালিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা, বাস ভাঙচুর, ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপের মতো সহিংস ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এই রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরেজমিনে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে দেখা গেছে, সকাল থেকেই জরুরি প্রয়োজনে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন। আগে থেকে অগ্রিম টিকিট কেটে রাখা বিলাসবহুল পরিবহনগুলোর যাত্রাও বাতিল করা হয়েছে। বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা যায়।

টার্মিনালে কর্মরত এক টিকিট মাস্টার জানান, গতকাল যেসব যাত্রী টিকিট বুকিং দিয়েছিলেন, সকাল থেকে কাউন্টারের মাধ্যমে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তিনি বলেন, গোপালগঞ্জ এলাকায় বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এত দামি গাড়ি নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন না চালকরা। মূলত জানমালের নিরাপত্তার কথা ভেবেই মালিকরা বাস বন্ধ রেখেছেন।

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে খুলনার রায়েরমহল এলাকা থেকে সোনাডাঙ্গা টার্মিনালে আসা গার্মেন্টসকর্মী স্বপন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন অস্থিতিশীল অবস্থা চলতে থাকলে আমাদের মতো দূর-দূরান্তের কর্মজীবী মানুষ কিংবা বিপদ-আপদে বাড়ি ফেরা মানুষেরা চরম বিপদে পড়বে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হোক।

এদিকে, আঞ্চলিক রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল করিম। তিনি বলেন, দেশের এই অস্থিরতার মধ্যেও এখন পর্যন্ত আমাদের সমিতির কোনো গাড়ি বন্ধ হয়নি এবং আমরা চাইও না কোনো গাড়ি বন্ধ হোক। তবে সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক কাজ করছে। আমাদের রুট হলো খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা ও খুলনা-মোংলা— এই রুটগুলোতে গাড়ি চলছে এবং চলবে।

ঢাকাগামী পরিবহন বন্ধের বিষয়ে তিনি আরও জানান, ঢাকাগামী যেসব পরিবহন বন্ধ রয়েছে, সেগুলো লিমিটেড কোম্পানির অধীনে চলে, আমাদের সমিতির অন্তর্ভুক্ত নয়। তবে তাদের সাথে কথা বলে জেনেছি, গোপালগঞ্জে অস্থিরতা ও রাস্তায় ব্যারিকেড দেওয়ার কারণে গাড়ি যেতে পারছে না। কিছু গাড়ি বিকল্প পথ হিসেবে নড়াইল হয়ে চলাচল করছিল, কিন্তু মুকসুদপুরে রাস্তায় ব্যারিকেড দেওয়ার কারণে সেই পথটিও এখন বন্ধ হয়ে গেছে।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  গোপালগঞ্জ  ঢাকা  বাস  পরিবহন  দুর্ভোগ  অনিশ্চয়তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: