প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম
ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছবি : সময়ের আলোঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
বিএনপি নেতাদের দাবি, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তারা সতর্ক অবস্থানে ছিলেন এবং রাতে এলাকায় পাহারার ব্যবস্থাও করেছিলেন। ভোররাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তারা। এ ঘটনায় কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এর জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সময়ের আলো/আতা