প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম
ফেনীতে সাবেক এমপির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত সাবেক সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে কয়েকটি কক্ষ ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রফিকুল ইসলাম বলেন, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। পরে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।
সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ। তিনি আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সময়ের আলো/আতা