সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা। ছবি : সংগৃহীতইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাবেদকে ৫০ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে তিনজন দণ্ডিত এবং একজন খালাস পেয়েছেন। দণ্ডিতদের মধ্যে আরামিট গ্রুপের এজিএম আব্দুল আজিজ ও মো. জাহাঙ্গীর আলম এবং উৎপল পাল রয়েছেন। খালাস পাওয়া আসামির নাম সুমন।
মামলায় মোট ৩৬ জন আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলায় ১৭ জনকে সাজা এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, বৃহস্পতিবারের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মামলায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হলো।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে পারেনি। ডিজিটাল সাক্ষ্যও যথাযথভাবে উপস্থাপন ও প্রমাণ করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মামলার নথি অনুযায়ী, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন।
এজাহারে থাকা ৩১ আসামির মধ্যে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তী তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযোগপত্রে আরও সাতজনকে আসামি করা হয়। চলতি বছরের ১১ মার্চ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
অভিযোগপত্রে ইউসিবিএল ও জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ ৯২ জনকে সাক্ষী করা হয়। তাদের মধ্যে ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
আদালতের রায়ে জাবেদকে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড, পাচার করা অর্থের দ্বিগুণ অর্থাৎ ৫০ কোটি টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছর এবং অর্থ পাচারের অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহকে অর্থ আত্মসাৎ ও পাচারের পৃথক দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইভাবে আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিছবাহুল আলম, আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পালকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউসিবিএলের সাবেক কর্মকর্তা আবদুল হামিদ চৌধুরীকে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগে ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম ও শাহ আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে বজল আহমদ বাবুল ও এম এ সবুরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে, ইউসিবিএলের সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী, ব্যাংকটির সাবেক কর্মকর্তা একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দিন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবুল কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আফরোজা জামান, জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ শিপার, রফিকুজ্জামান, আরিফ কাদেরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, শহীদ, সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদারকে খালাস দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই