পটুয়াখালীতে নিষিদ্ধ আ. লীগর ৮ নেতার বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

এক রাতেই পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়

2026-11-19T17:17:45+00:00
2026-11-19T17:17:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে নিষিদ্ধ আ. লীগর ৮ নেতার বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি : সসময়ের আলো
এক রাতেই পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। হামলার মুখে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত—তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত পটুয়াখালী পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

ঘটনার শুরু হয় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগের  মধ্য দিয়ে। বুধবার রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাড়িটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সর্বশেষ হামলাসহ বাড়িটিতে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। সরকারের পতনের পর থেকে কাজী আলমগীর কিংবা তার পরিবারের কোনো সদস্য ওই বাড়িতে বসবাস করছিলেন না।

একই রাতে পটুয়াখালী শহরে জেলা শ্রমিক লীগের সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনেও হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল ও জানালার অংশ ভাঙচুরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের মিটারও ভেঙে ফেলা হয়।

অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনেও কয়েক দফায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ভবনটিতে বিভিন্ন পেশার মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি রয়েছে কয়েকটি অফিস। স্থানীয় ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

একই রাতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজারের বাসায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন বলে জানা গেছে।


এ ছাড়াও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে পরিবারের সদস্যরা বাড়িতে আশ্রয় নেন।

হামলার ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের পুরাতন বাজারে অবস্থিত বাড়িতেও। 

অন্যদিকে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা দূর থেকে বাড়িটি লক্ষ্য করে আগুন নিক্ষেপ করে বলে জানা গেছে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে এ সকল ঘটনা ঘটতে পারে। 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুন লাগার ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণও নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  নিষিদ্ধ আওয়ামী লীগ  নেতা  বসতবাড়ি  হামলা  অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: