গাজীপুরে দোকানপাটে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া বৃহস্পতিবার দিনভর

2026-11-19T17:39:11+00:00
2026-11-19T17:39:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে দোকানপাটে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। অন্যদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুর ও সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অর্ধশতাধিক কারখানা।

মাওনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাঠিসোঁটা হাতে শতাধিক ব্যক্তি বিভিন্ন মার্কেটে ঢুকে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।


মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, বিভিন্ন দোকানের কাচসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই লাঠিসোঁটা হাতে একদল যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরে তারা আনসার রোড এলাকা থেকে মাওনা চৌরাস্তায় গিয়ে বিভিন্ন দোকান ও মার্কেটে হামলা চালান।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ দফা অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, হাজী পাম্প ও আনসার রোডসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকদের একটি অংশ। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তারা অন্য স্থানে গিয়ে আবারও অবরোধের চেষ্টা করেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান লকডাউন কর্মসূচিতে নৈরাজ্য ঠেকাতে বৃহস্পতিবার ভোর থেকে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়।

গতকাল থেকেই গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, এক নম্বর সিঅ্যান্ডবি ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকার প্রায় সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টার সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এরপর ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন, বেলা পৌনে ১১টার দিকে জিরাব পুকুরপাড়ে কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে সড়কে জড়ো হন। তাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।


সাভার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করে পালানোর সময় মো. শাহিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে মারধর করে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে ককটেল নিক্ষেপ করেন শাহিন। বিস্ফোরণের পর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করে আটক ও মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গাজীপুর  হামলা  সাভার  শ্রমিক  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: