প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:২৯ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১১:৩৪ এএম
শ্রমিক আন্দোলনের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আজও অবরোধ করেছে শ্রমিকেরা । ছবি : সংগৃহীত গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আজও অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে, মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা এবং ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকেরা।
পরিস্থিতি বিবেচনায় ও শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
শিল্প পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার জেলার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলেও জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’
সময়ের আলো/এসকে