প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম
কুমিল্লার রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । ছবি : সময়ের আলোস্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কুমিল্লার রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। এসময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানেও তারা গোপালগঞ্জে থানায় হামলা ও এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রোল ঢেলেও আগুন দেয়া হয় ও মালামাল লুটের ঘটনাও ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
সময়ের আলো/এসকে