জামালপুরে যুবকের মরদেহ উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন, গুমের অভিযোগে গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মরদেহের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মরদেহ

2026-11-19T18:11:02+00:00
2026-11-19T18:11:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে যুবকের মরদেহ উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন, গুমের অভিযোগে গ্রেফতার ১
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম 
গ্রেফতার মোস্তাফিজুর রহমান বাচ্চু। ছবি : সময়ের আলো
জামালপুরে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মরদেহের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মরদেহ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছিলেন। পরে ঝামেলায় জড়ানোর আশঙ্কায় তার মরদেহ সরিয়ে পানিতে ফেলে দেন বাচ্চু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পিবিআই জামালপুর জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মোস্তাফিজুর রহমান বাচ্চু জামালপুর পৌর শহরের দাপুনিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

পিবিআই জানায়, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌর শহরের দাপুনিয়া বাইদের ক্ষেত এলাকায় একটি ইটভাটার পাশে পানিতে ভাসমান অবস্থায় সাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল। সাকিব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ার বেটি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তার শ্বশুরবাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ১৪ জুলাই জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে নিহতের শাশুড়ি আঙ্গুরী বেগম বন্যা ও শ্বশুর শহিদুল্লাহ চিকুকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার রহস্য উদ্‌ঘাটন না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পিবিআই জামালপুরকে দেন।

তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমান বাচ্চুকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিস্তারিত জানান। পরদিন ১৮ নভেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


পিবিআইয়ের তদন্ত ও জবানবন্দির বরাতে জানা যায়, সাকিব ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রায় দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাদারগঞ্জের তেঘরিয়া এলাকার শহিদুল্লাহ চিকুর মেয়ে শাহানার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। ঘটনার সময় তাদের আট মাস বয়সী একটি ছেলেসন্তান ছিল।

২০২৫ সালের ৭ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর পৌর এলাকার দাপুনিয়ায় আমির হোসেন শামুর ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে সাকিব ও শাহানার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাকিব দা দিয়ে শাহানাকে আঘাতের চেষ্টা করেন। এ সময় পাশের ভাড়াটিয়া রেহেনা এগিয়ে এসে তাকে থামান। পরে শাহানার মা আঙ্গুরী বেগমকে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে ওই রাতেই আঙ্গুরী বেগম মেয়েকে ও নাতিকে নিয়ে একই এলাকার মোস্তাফিজুর রহমান বাচ্চুর ভাড়া বাসায় ওঠেন। কিছুক্ষণ পর রাতেই সাকিব সেখানে গিয়ে দরজা খোলার জন্য চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় বাচ্চু বাইরে এসে তাকে পরদিন সকালে আসতে বলেন।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, রাত ৩টার দিকে ঘুম ভেঙে ঘরের বাইরে বের হন বাচ্চু। এ সময় উঠানে একটি বড়ইগাছের ডালে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাকিবকে দেখতে পান তিনি। পরে রান্নাঘর থেকে দা এনে ওড়না কেটে সাকিবের মরদেহ নিচে নামান। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কায় মরদেহটি বাড়ি থেকে কিছুটা দূরের একটি পতিত জমির পানিতে ফেলে দেন। ওই সময় মেয়ের বিয়ের বিষয়ে আলোচনা চলমান থাকায় তিনি ঘটনাটি গোপন রাখেন। মরদেহ নামানোর সময় ওড়না কাটতে ব্যবহৃত দাটিও জব্দ করেছে পিবিআই।

এ বিষয়ে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, এটি ছিল একটি ক্লু-লেস মামলা। পারিবারিক কলহের জেরে সাকিব গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ড না ঘটালেও যথাসময়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে মরদেহ গুমের মতো অপরাধে জড়িয়েছেন মোস্তাফিজুর রহমান বাচ্চু।

তিনি আরও বলেন, পিবিআইয়ের পেশাদার তদন্তে মামলার রহস্য উদ্‌ঘাটিত হয়েছে। তবে তদন্ত কার্যক্রম এখনো চলমান। আইন অমান্য করা কিংবা আইন না জানার কারণে কেউ যেন অপরাধে না জড়ান, সে বিষয়ে সচেতনতা তৈরিতে ঘটনাটি সমাজের জন্য একটি বার্তা হয়ে থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  পিবিআই  ক্লু-লেস মামলা  মরদেহ গুম  মোস্তাফিজুর রহমান বাচ্চু  সাকিব  আত্মহত্যা  জামালপুর সদর থানা  অপরাধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: