প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
সংগৃহীত ছবিসাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল শাহরিয়ার আলমের বাড়িতে আসে। পরে তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বালিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক। তিনি বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।
সময়ের আলো/কেআই