প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৮:০৭ পিএম
কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফের ভাঙন। ছবি : সময়ের আলো ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির মধ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৭ দশমিক ১ পোল্ডারের প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী ও খালের দিকে চলে গেছে। এতে প্রতাপনগর ও পাশের আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ১০ থেকে ১২টি গ্রামের অন্তত ৩৫ থেকে ৪০ হাজার মানুষ আতঙ্কে রয়েছেন। ঝুঁকির মুখে রয়েছে এলাকার ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি, বসতবাড়ি ও মাছের ঘের। বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে এসব এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের বড় একটি অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে তাদের বসবাস করতে হয়। বর্তমানে এলাকায় গাছপালা ও বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হবে।
কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় এক হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটির অবস্থান হওয়ায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
এর আগেও বাঁধটির একটি অংশে ভাঙন দেখা দিলে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে তা প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কারকাজের মাধ্যমে বাঁধটি রক্ষা করে। এবারও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, তিনি ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান তিনি।
পাউবোর উপসহকারী প্রকৌশলী (এসও) আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, বেড়িবাঁধ ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। সংস্থাটি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়াও দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছেন।
সময়েরে আলো/জোই