শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সমেয়র আলোযশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত দেড় মাসে উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। এর মধ্যে চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে আক্রান্ত হয়েছেন ৫১ জন। বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৩৭ জন। চলতি নভেম্বরের ১৮ দিনে ভর্তি হয়েছেন আরও ৫১ জন। সব মিলিয়ে ১৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি হাসপাতালের পাশাপাশি অনেক রোগী বাড়িতে এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হাসপাতালের হিসাবের চেয়ে বেশি হতে পারে।
এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত ও পণ্যবাহী যানবাহন চলাচল করায় এলাকায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গত মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, বর্ষা-পরবর্তী সময়েও বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির ট্যাংকসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি মশার প্রজননক্ষেত্র হয়ে উঠছে। এসব স্থান নিয়মিত পরিষ্কার না করলে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জ্বর, মাথাব্যথা, শরীর ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি কিংবা শরীরে লালচে দাগ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন না করার বিষয়ে সতর্ক করেছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, শুধু সচেতনতামূলক প্রচার ও সাময়িক মশা নিধন কার্যক্রম দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। পাড়া-মহল্লা, ড্রেন, নালা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন ভবন ও বন্দর এলাকার আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা জরুরি। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।
সময়ের আলো/জোই