শ্রদ্ধা-সম্মান-ভালোবাসায় স্নাত হয়ে সম্মাননা গ্রহণ করলেন বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই কিংবদন্তিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও সংগীতে অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তাকে মঞ্চে বরণ করে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের সংগীতের জগৎকে তিনি এমনভাবে সমৃদ্ধ করেছেন যে বাংলা গানের উচ্চতা এখন অনেকটাই নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠকে ঘিরে। ’
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বিগত সময়ে আমাদের সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে। কোথাও যেন প্রয়োজনীয় যত্ন ও আধুনিক পরিকল্পনার ঘাটতি ছিল। আমরা সংস্কৃতি অঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই। রবীন্দ্রনাথ, নজরুলসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলকে এগিয়ে নিতে কাজ করছি।’
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘সবার প্রশংসায় আমি অভিভূত। আমি শুধু অনুরোধ করব, আমরা যেন দেশটাকে ভালোবাসি এবং নিজেদের আচরণে দেশকে ভারাক্রান্ত না করি।’
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সম্মাননা প্রদান পর্ব শেষে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ‘গীতসন্ধ্যা’। এতে সৈয়দ আব্দুল হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন পিয়াল হাসান, স্মরণ, নোলক বাবু, অনন্যা আচার্য, নুজহাত সাবিহা পুষ্পিতা, অপু আমান, সোহানুর রহমান, স্বরলিপি, রাশেদ, রাকা পপি, আজিজুল বারী, আব্দুল্লাহ হেল রাফি তালুকদার, মুহাম্মদ আনিসুর রহমান ও আতিক।
অনুষ্ঠানের শেষদিকে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় দুটি গান ‘আছেন আমার মোক্তার’ এবং ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’।
সময়ের আলো/জেডি