মুন্সীগঞ্জে টাকা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আরিফ বেপারী (৩৫) নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ জুন) সকালে সদর উপজেলার পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকার বাসিন্দা ও মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করেন।
সূত্রে জানা গেছে, স্থানীয় নুর মোহাম্মদ নামে আরেক কসাইয়ের সঙ্গে টাকা লেনদেনকে কেন্দ্র করে আকাশ বেপারীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় সম্প্রতি থানায় একটি অভিযোগও করা হয়।
অভিযোগ রয়েছে, গত শনিবার সকালে মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে রোববার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ভাই আরিফ বেপারীকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জসীমনগর গ্রামের বাসিন্দা আরিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে আরিফের বসতবাড়ি, যেখানে তিনি একাই বসবাস করতেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।
/এসএকে