নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন ও ঘরছাড়া করার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) উপজেলার খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, আব্দুল মোমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫) নামের দুই ভাই। তারা উপজেলার উমার ইউনিয়নের খড়মপুর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।
রোববার (১৪ জুন) রাতে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সময়ের আলোকে বলেন, ওই যুবকেরা তাদের মায়ের সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বৃদ্ধ মা চাঁদ সুলতানাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে ওই দুই যুবক নিজের বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে মামলার মাধ্যমে ওই যুবকদের জেলা কোর্ট মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই