দেশের ইতিহাসে এবার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হলেও, তামাক ও মাদক নিয়ন্ত্রণ না হলে এই বিপুল অর্থ কার্যকর সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর তামাকজনিত রোগে বহু মানুষ প্রাণ হারান। একইসঙ্গে এসব রোগের চিকিৎসায় যে ব্যয় হয়, তা তামাকখাত থেকে অর্জিত রাজস্বের চেয়ে বহুগুণ বেশি। ফলে স্বাস্থ্যখাতকে অর্থনৈতিক চাপ ও জনস্বাস্থ্যঝুঁকি- উভয় দিক থেকেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘দেশ তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্যখাতে যে বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তার পূর্ণ সুফল জনগণ পাবে না।’
আরও পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে সৃষ্ট রোগ শুধু জনস্বাস্থ্য নয়, অর্থনীতির ওপরও বড় ধরনের বোঝা তৈরি করছে। চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে হাম (মিজলস) নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ইতোমধ্যে সফলতা অর্জন করেছে। টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি দাবি করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তামাক নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করা গেলে দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব হবে।
এএডি/