কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) গভীর রাতে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোখলেছুর রহমান বর্তমানে তবকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেন। এতে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
/মহু