মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী আবু হানিফ নোমানের মৃত্যু হয়েছে। নিহত আবু হানিফ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) সন্ধ্যায় মালয়েশিয়ায় পেনাং সিটিতে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে মালোশিয়ার পেনাং সিটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই বাচ্চু জানান, তিনি ১৯৯২ সাল থেকে দীর্ঘ প্রায় ৩৪ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করে দেশে রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আবু হানিফ নোমানের মৃত্যুতে গফরগাঁও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
সময়ের আলো/আতা