টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে ঘিরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো তার সম্ভাব্য মাতৃত্বের খবর। তবে জল্পনার আগুনে পানি না ঢেলে বরং রহস্য আরও খানিকটা বাড়িয়ে দিলেন অভিনেত্রী নিজেই।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনা চলছে, সোহিনী ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর পরিবারে নতুন সদস্য আসতে পারে। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
অবশেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন তিনি। কিন্তু প্রত্যাশিত স্পষ্ট উত্তর না দিয়ে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিকেই গুরুত্ব দেন সোহিনী।
আরও পড়ুন
তার ভাষ্য, একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান মূলত শিল্পী ও তাদের কাজকে ঘিরেই হওয়া উচিত। ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় এলে তিনি নিজেই সবাইকে জানাবেন।
সোহিনীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, তিনি এখনই কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, এমন সুখবর ভাগ করে নেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণের অধিকার সম্পূর্ণ তার নিজের।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি অবশ্য অভিনয়জগতের বিভিন্ন আয়োজন থেকে কিছুটা দূরেই দেখা গেছে সোহিনীকে। এমনকি তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন তিনি। এই অনুপস্থিতিই মূলত অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনকে আরও উসকে দেয়।
এএডি/