আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং ভবিষ্যতেও কোনো দিন যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো উগ্র বা বিপ্লবী দল নয়; এটি একটি লিবারেল ডেমোক্রেটিক (উদার গণতান্ত্রিক) রাজনৈতিক দল, যা দেশের সর্বস্তরের জনগণকে ধারণ করে রাজনীতি করে।
বিগত সময়ে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর ব্যাপারে সুনির্দিষ্ট তাগিদ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে সরকারের এই সদিচ্ছার পাশাপাশি দুঃখজনকভাবে কিছু সংবাদপত্রের মালিকপক্ষের লোকেরা অনেক গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করছেন, যা অনভিপ্রেত।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও সাইবার প্রচারণার সমালোচনা করে বলেন, সম্প্রতি একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই চক্রটি দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিকল্পিত ও ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি