সবুজ গালিচায় লিওনেল মেসির উপস্থিতি মানেই যেন অন্যরকম এক ফুটবল জাদু। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে দাপুটে জয় এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের শুরু থেকেই তার নিয়ন্ত্রণে ছিল পুরো খেলা।
বুধবার (১৭ জুন) মাত্র ১৭ মিনিটেই প্রথম গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন মেসি। এরপর আরও দুই গোল যোগ করে পূর্ণ করেন হ্যাটট্রিক। তার এই অসাধারণ পারফরম্যান্সে আলজেরিয়ার রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে।
আরও পড়ুন
মেসির এই ফুটবল নৈপুণ্য কেবল স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও। সেই আবেগেই ভেসে গেছেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।
নিজের পরিচয়ে ব্রাজিলের কট্টর সমর্থক হলেও মেসির পারফরম্যান্স তাকে নাড়া দিয়েছে অন্যভাবে। আর্জেন্টিনার এই দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন- ‘মেসি এত ভালো খেলে কেন?’
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বুবলী আরও লেখেন, ‘এই লোকটা (মেসি) সত্যিই জাদুকর। হ্যাটট্রিক- অবিশ্বাস্য পারফরম্যান্স।’ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টাইন তারকার প্রতি তার এমন অকপট প্রশংসা ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
এএডি/