বুধবার (১৭ জুন) শেষ হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ সাতটি ধনী দেশের জোট জি-৭-এর তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এই সম্মেলনের শেষ দিনের মূল আলোচনা জুড়ে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তৈরি হওয়া নানামুখী নিরাপত্তা ঝুঁকি।
প্যারিস থেকে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, সম্মেলনের সমাপনী দিনে আজ ডিজিটাল জগতই থাকবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। প্রযুক্তি খাতে কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জি-৭ সদস্য দেশগুলো।
তবে এই ইস্যুতে ওয়াশিংটনের কিছুটা ভিন্ন অবস্থান রয়েছে; ডিজিটাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর ইউরোপের মতো কঠোর আইনি বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো কিছুটা ছাড় দেওয়ার পক্ষপাতী।
সম্মেলনের শেষদিনের সেশনে বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিক-এর প্রধান ডারিও আমোডি এবং তাদের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী মিস্ট্রাল এআই-এর আর্থার মেনশ উপস্থিত থাকবেন। ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশ্বনেতাদের সাথে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেবেন এই প্রযুক্তি প্রধানেরা।
শীর্ষ সম্মেলনের আগে এক ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় স্বাগতিক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এবারের জি-৭ আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হলো কীভাবে ‘সাইবার নিরাপত্তা আরও উন্নত করা যায় এবং আমাদের সন্তান ও গণতন্ত্রকে রক্ষা করা যায়’।
ডিজিটাল নিরাপত্তার অংশ হিসেবে ইতোমধ্যেই বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সোমবার (১৫ জুন) ঘোষণা করেছেন, যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। ফ্রান্সও একই ধরনের কড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
এর আগে সোমবার (১৫ জুন) ও মঙ্গলবার (১৬ জুন) সম্মেলনের প্রথম দুই দিনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা বৈশ্বিক ভূরাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি এবং ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি মধ্যস্থতার জন্য রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির বিষয়ে গভীর আলোচনা হয়েছে। সাতটি পরাশক্তি দেশই আশা করছে, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন— উভয় সংকট নিরসনে একটি সর্বসম্মত যৌথ বিবৃতিতে তারা একমত হতে পারবেন।
সমাপনী আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতারা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এক রাজকীয় নৈশভোজে অংশ নেবেন।
সময়ের আলো/জেডি