সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সুনামগঞ্জ জেলার দুইজন এবং সিলেট জেলার একজন শিশু রয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এছাড়া সিলেটে ২৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব নিশ্চিত হাম ও রুবেলা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন সন্দেহজনক হাম রোগী।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৯১ জন এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নজরদারি ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সময়ের আলো/জোই