একদিনের সফরে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজার যাত্রা করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী; জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ অন্যরা।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তিনি ঢাকা থেকে সিলেটে আসা ও ঢাকা ফেরার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তবে মৌলভীবাজারে যাওয়ার পথে সিলেট মহানগর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাবেন।
সফরসূচি অনুযায়ী, আজ বেলা একটায় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে সিলেটে ফিরে রাত সাড়ে আটটায় বিমানযোগে ঢাকায় ফিরবেন।
/কেএইচও