মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া, বিবেচনায় ভারত সীমান্ত : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ প্রতিবেদক

জাতীয়

মাদক, অস্ত্র চোরাচালান, অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

2026-06-17T19:56:44+00:00
2026-06-17T19:56:44+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া, বিবেচনায় ভারত সীমান্ত : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৩৬)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
মাদক, অস্ত্র চোরাচালান, অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই ধরনের ব্যবস্থা ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও নেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে। পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে, যা বিজিবির টহল ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সহায়তা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। ইয়াবা, আইস, ফেনসিডিলসহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে নতুন সীমান্ত ফাঁড়ি (বিওপি) ও টহল পর্যবেক্ষণ পোস্ট (টিওবি) নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক আলোচনা বা চুক্তি হয়নি। তবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা এবং জবাবদিহি নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ কূটনৈতিক ও কৌশলগতভাবে চাপ অব্যাহত রেখেছে। এর ফলে বিএসএফ একাধিকবার অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।

সীমান্ত হত্যা ও অপরাধ দমনে ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবি ও বিএসএফের যৌথ টহল বৃদ্ধি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।


সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের ৭ মে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পতাকা বৈঠকের মাধ্যমে ২ হাজার ৮৬০ জনকে গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইনের চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে ‘হাই-রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজিবির প্রতিটি বিওপির আওতাধীন এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।

৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস, সিসিটিভি ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’ গঠন এবং জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মিয়ানমার  সীমান্ত  কাঁটাতার  বেড়া  বিবেচনা  ভারত  সংসদ  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: