ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন বইশা চর থেকে লুট হওয়া ১৫টি মহিষ উদ্ধার করেছে পুলিশ।
মনপুরা থানার পুলিশ মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গম চরনিজাম এলাকা থেকে মহিষগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৭ জুন) দুপুরে উদ্ধার হওয়া মহিষগুলোর দেখাশোনাকারী বাতান পরিমল চন্দ্র দাস মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামি হলেন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে মো. আবদুর রহিম।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লুট হওয়া ১৫টি মহিষ চরনিজাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সময়ের আলো/এসএকে