যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহাসড়কে আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ টেক্সাসের একটি মহাসড়কে ছয়জন আরোহী বহনকারী ছোট জেটটিবিধ্বস্ত হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর পথচারীরা উদ্ধারকাজে সহায়তা করতে এগিয়ে আসেন। দমকল ও জরুরি সেবার সঙ্গে মিলিতভাবে আগুনে জ্বলতে থাকা ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করে আনতে সাহায্য করেন।
ল্যারেডোর লুপ ২০ মহাসড়কে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার কারণে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং একাধিক লেনে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ল্যারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে বায়েজা।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, জরুরি কর্মীরা উড়োজাহাজটির উইন্ডশিল্ড ভাঙার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ ও পথচারীরা মিলে কয়েকজনকে জ্বলন্ত উড়োযানটি থেকে বের করে আনছেন। কিছু যাত্রীকে ঘটনাস্থল থেকে হেঁটে সরে যেতে দেখা যায়।
এর আগে সোমবার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বোয়িং ৫২ (বি-৫২) বোমারু বিমান বিধ্বস্ত হয়। এতে থাকা ৮ জন আরোহী নিহত হন।
সময়ের আলো/জেডআই