৫২ বছর পর বিশ্বকাপে ফিরে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। নির্ধারিত সময় শেষে ১–১ ড্রয়ে হয়েছে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ।
সকালের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর সবার চোখ ছিল রাতে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ‘সিআর সেভেন’। গোল পাননি তিনি এবং ম্যাচও জিততে পারেনি পর্তুগাল। ১–১ ড্রয়ে শেষ হয়েছে পর্তুগাল–কঙ্গো ম্যাচ।
পতুর্গালকে রুখে দিয়ে এই ম্যাচে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট পেয়েছে তারা।
এর আগে ম্যাচের ৬ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। নেতোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান নেভেস।
প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু।
এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন।
রোনালদো কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ডটি ভেঙেছেন। ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো তাকে পেছনে ফেলেছেন।
এছাড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসিকে ছুঁয়েছেন তিনি। একই দিন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় আসর খেলার কীর্তি গড়েন আর্জেন্টিনা তারকা। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন মেসি। ছয়টি ভিন্ন আসরে গোল করে তাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রোনালদোর।
সময়ের আলো/আআ