রাশিয়ার রাজধানী মস্কোর ওপর ইউক্রেনের সামরিক বাহিনী তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে টেলিগ্রামে এক পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত রাতে রুশ বিমান প্রতিরক্ষাব্যবস্থা রাজধানীর দিকে ধেয়ে আসা কমপক্ষে ১৯৪টি ড্রোন ধ্বংস করে দিয়েছে।
তবে কিছু ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে শহরে প্রবেশ করতে সক্ষম হয় এবং বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের ভেতর ও বাইরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
রুশ সংবাদমাধ্যশ আরটি ডটকমের প্রতিবেদন অনুযায়ী সোবিয়ানিন জানান, কয়েকটি ড্রোন শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া জেলায় অবস্থিত মস্কো তেল শোধনাগারে আঘাত হানে। ঘটনাস্থলে দমকলকর্মীরা কাজ করছেন।
তিনি আরও বলেন, ধ্বংস হওয়া একটি ড্রোনের টুকরো পড়ে শহরের দক্ষিণ-পূর্বে সাদোভোদ শপিং সেন্টারের একটি ভবনে সামান্য ক্ষতি হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়েভ জানিয়েছেন, রাজধানীর পূর্বে অবস্থিত কোটেলনিকি শহরে ইউক্রেনীয় হামলায় ৩ বছর বয়সি একটি শিশুসহ মোট ৯ জন মানুষের শরীরে ছররা বা স্প্লিন্টারের আঘাত লেগেছে। তিনি আরও বলেন, মস্কোর দক্ষিণ-পশ্চিমে রামেনস্কয়ে এলাকায় ১০ বছর বয়সি এক মেয়ে শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন। রাজধানী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঝুকোভস্কি শহরে একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানে। এতে একজনের ঘাড়ে গুরুতর আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরোবিয়েভ জানান, মস্কোর পূর্বাঞ্চলীয় লিউবার্টসি এলাকায় বিভিন্ন স্থানে ধ্বংস হওয়া ড্রোনের টুকরো পড়ে রয়েছে। সেখানে দুজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের একজনের নিতম্বে ও অন্যজন হাতে গুরুতর চোট পেয়েছেন। এ ছাড়া মস্কো রিং রোডের পাশে অবস্থিত বেলায়া দাচা মলের ছাদে আগুন লেগে যায়।
দমকলের কাজ শেষ না হওয়া পর্যন্ত মলটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সোলনেচনোগর্স্ক এলাকায় একজন এবং সাদোভোদ শপিং সেন্টারে আঘাতের ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া চেখভ ও ইলেকট্রোস্তাল শহরসহ আরও কয়েকটি এলাকায় ড্রোনের টুকরো পড়ে আবাসিক বাড়িঘর ও বেসামরিক যানবাহনের ক্ষতি হয়েছে।
রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, এই হামলার কারণে রাজধানীর আকাশসীমায় সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। ফলে মস্কোর চারটি আন্তর্জাতিক বিমানবন্দর শেরেমেতিয়েভো, ভনুকোভো, ডোমোদেদোভো ও ঝুকোভস্কিতে মোট ৫২৭টি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে শুরু করে দেশজুড়ে মোট ৫৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো ছাড়াও আস্ট্রাখান, বেলগোরোদ, ব্রায়ানস্ক, ভোলগোগ্রাদ, ক্রিমিয়া ও আজভ সাগরসহ মোট ১৭টি অঞ্চলে এই ড্রোনগুলো প্রতিরোধ করা হয়।
রোস্তভ অঞ্চলের গুকোভো শহরে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে গভর্নর ইউরি সøুসার জানিয়েছেন। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের এই সন্ত্রাসী হামলার জবাবে রুশ বাহিনীও ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে। কিয়েভের বাইরে একটি জ্বালানি মজুদ কেন্দ্র এবং পোলতাভা অঞ্চলের একটি তেল শোধনাগার লক্ষ্য করে এসব হামলা চালায় রুশ বাহিনী।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও