বাংলাদেশের প্রশংসা করা নেপালি পর্যটকের সঙ্গে দুর্ব্যবহার, সমালোচনার ঝড়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালের তরুণ পর্যটক বিশ্বাস রয়ের (২৫) সঙ্গে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট

2026-06-19T22:38:22+00:00
2026-06-19T22:38:22+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
বাংলাদেশের প্রশংসা করা নেপালি পর্যটকের সঙ্গে দুর্ব্যবহার, সমালোচনার ঝড়
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম 
নেপালের তরুণ পর্যটক বিশ্বাস রয়ের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকের অসদাচরণ। ছবি : সংগৃহীত
নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালের তরুণ পর্যটক বিশ্বাস রয়ের (২৫) সঙ্গে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এক সিএনজি চালিত অটোরিকশা চালকের অসদাচরণের অভিযোগ উঠেছে। বিদেশি এই পর্যটকের সঙ্গে দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বলছেন, একজন বিদেশি অতিথির সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত অসভ্যতাই নয়, এটি দেশের ভাবমূর্তিরও ক্ষতি করেছে।

সম্প্রতি কেরানীহাট অতিক্রম করার সময় ধারণ করা ভিডিওটি বিশ্বাস রয় নিজেই ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, সাইকেল আরোহী নেপালি পর্যটকের সঙ্গে এক সিএনজি চালক উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন এবং আঙুল উঁচিয়ে আক্রমণাত্মক আচরণ করছেন। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বাস রয় নেপাল থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। তার ভ্রমণের মূল উদ্দেশ্য তরুণ সমাজকে মাদক ও নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া। এমন একজন ইতিবাচক বার্তাবাহক বিদেশি পর্যটকের সঙ্গে অসদাচরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মন্তব্যকারীদের অনেকেই লিখেছেন, বাংলাদেশের মানুষের আতিথেয়তার সুনাম রয়েছে। সেখানে একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের জন্য বিব্রতকর। কেউ কেউ অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, যে তরুণ আমাদের দেশকে ভালোবেসে হাজার কিলোমিটার দূর থেকে এসেছে, তার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আরেকজন লেখেন, একজনের আচরণের দায় পুরো দেশের ওপর বর্তায় না। তবে এমন ঘটনার দ্রুত বিচার হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ বিদেশি অতিথির সঙ্গে দুর্ব্যবহার করার সাহস না পায়।

উল্লেখ্য, নেপালের ইলাম জেলার বাসিন্দা বিশ্বাস রয় গত ১৮ মে সাইকেল ভ্রমণ শুরু করেন। ভারতের শিলিগুড়ি হয়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এক মাসের ভিসা নিয়ে দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করছেন।

বাংলাদেশ সফরের সময় তিনি বিভিন্ন স্থানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তরুণদের নেশা ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বিশ্বাস রয় বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক। এখানে আসার পর অনেকেই আমাকে সহযোগিতা করেছেন। পুলিশ সদস্যরাও আমার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজন হলে যোগাযোগ করতে বলেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। ধানখেত, গাছপালা আর মানুষের আন্তরিকতা আমার ভ্রমণকে স্মরণীয় করে তুলেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং অভিযুক্ত সিএনজি চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, একজন বিদেশি নাগরিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   বাংলাদেশ  প্রশংসা  নেপালি পর্যটক  দুর্ব্যবহার  সমালোচনার ঝড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: