রাজশাহীতে ‘চোর সন্দেহে’ রাকিবুল হাসান রকি (৩১) নামের এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের পাশে অবস্থিত নার্সিং কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করেন। এই মামলায় তিন শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিহত রাকিবুল হাসান রকি নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারের দাবি, রকি পানির লাইনের মিস্ত্রি ছিলেন। তিনি ওইখানে একটি কাজে গিয়েছিলেন।
গ্রেফতাররা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার তালা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার শিমু (২৫), নড়াইল সদর থানার ভাওখালী গ্রামের ফারুক মোল্লার ছেলে ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আতিকুর রহমান (২৫)। তারা রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে আবাসিক শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসান রকিকে আটক করেন কয়েকজন শিক্ষার্থীরা। পরে তাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই