নেত্রকোণা পৌরশহরে যানজট। ছবি : সময়ের আলোনেত্রকোণা পৌরশহরে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট। সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে লেগে থাকছে যানবাহনের দীর্ঘ সারি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে পৌরবাসীর মধ্যে।
সরেজমিনে দেখা যায়, শহরের মোক্তারপাড়া, ছোট বাজার, বড় বাজার, তেরীবাজার মোড়, চকবাজার মোড় ও রেলওয়ে স্টেশন সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল, প্রধান সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সামান্য চাপেই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ। যানজটে আটকে থাকছে অ্যাম্বুলেন্সসহ রোগীবাহী যানবাহন। এতে সংকটাপন্ন রোগীদের হাসপাতালে নিতে বিলম্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
শহরের যানজট পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টজন ও সাধারণ মানুষ। প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শ্যামলেন্দু পাল বলেন, নেত্রকোণা শহরের বর্তমান যানজট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শহরের ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি অনুমোদনহীন অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। দ্রুত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও গবেষক হায়দার জাহান চৌধুরী বলেন, শহরের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা ও ফুটপাত দখল হয়ে যাওয়া যানজটের অন্যতম কারণ। বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সমস্যায় ভুগছেন। শহরের ওপর যানবাহনের চাপ কমাতে বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ হলেও এর কাজ এখনো সম্পন্ন হয়নি। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কার্যকর ভূমিকার পাশাপাশি প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।
স্থানীয় গাড়িচালক ও পথচারীদের অভিযোগ, শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও পরবর্তী সময়ে তাদের উপস্থিতি কমে যায়। তখন চালকদের মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দেয় এবং যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একবার যানজট সৃষ্টি হলে দীর্ঘ সময়েও তা স্বাভাবিক হয় না।
নেত্রকোণা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, নেত্রকোণা পৌর শহরে মূলত একটি প্রধান সড়ক রয়েছে, যার যানবাহন চলাচলের ধারণক্ষমতা প্রায় তিন হাজার। অথচ বর্তমানে এ সড়কে প্রায় ১০ হাজার যানবাহন চলাচল করছে। জুলাই গণ-অভ্যুত্থানের আগে দুই রঙের যানবাহন ভিন্ন ভিন্ন সময়ে চলাচল করত। সরকার পতনের পর সব ধরনের যানবাহন শহরে প্রবেশ করছে। এমনকি বাইরের এলাকার চালকরাও শহরে এসে গাড়ি চালাচ্ছেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবৈধ পার্কিং এবং অনুমোদনহীন অটোরিকশার চলাচল বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। চলতি মাসের মধ্যেই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
নেত্রকোণা পৌরবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, যানজট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের এ দুর্ভোগের স্থায়ী সমাধান চান তারা।
সময়ের আলো/জোই