হার্ট টু হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক আই হেলথ ফোরাম। ছবি : সময়ের আলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের মতো অসংক্রামক রোগের সঙ্গে নিবিড় সম্পর্ক চোখের। আর সেই চোখের স্বাস্থ্যে অসচেতনতায় পৃথিবীজুড়ে বাড়ছে অন্ধত্বের ঝুঁকি। চোখের এই স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে প্রাথমিক চক্ষু পরীক্ষা, দৃষ্টিশক্তি মূল্যায়ন, ডায়াবেটিস রোগীদের নিয়মিত চোখ পরীক্ষা এবং কার্যকর রেফারেল ব্যবস্থা শক্তিশালী করতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আই হেলথ ফোরাম-২০২৬। যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে চোখের সাধারণ রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তা একটি টেকসই নীতিমালার আওতায় আনতে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
হার্ট টু হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই বার্ষিক আই হেলথ ফোরাম আয়োজন করা হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল ‘প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে সমন্বিত চক্ষুসেবা— নীতিমালা থেকে টেকসই চর্চায়।’
ফোরামে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চক্ষু চিকিৎসক, পেশাজীবী সংগঠন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন হার্ট টু হার্ট ফাউন্ডেশনের গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর হু-জিয়ং মুন, বাংলাদেশ অফথালমোলজিক্যাল সোসাইটির (ওএসবি) সেক্রেটারি জেনারেল ডা. মো. জিন্নু রেইন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের সিভিল সার্জন ডা. মো. জাকারিয়া মাহমুদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. খ. ওয়াতিন আলম।
আলোচনায় বক্তারা বলেন, চোখের স্বাস্থ্যকে বিচ্ছিন্ন কোনো চিকিৎসাসেবা হিসেবে দেখার সুযোগ নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের মতো অসংক্রামক রোগের সঙ্গে চোখের জটিলতার সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সময়মতো শনাক্ত করা না গেলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। অথচ নিয়মিত পরীক্ষা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এ ধরনের অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
ফোরামের প্রথম অধিবেশনে মাঠপর্যায়ে সমন্বিত চক্ষুসেবা বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরা হয়। এতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান স্বাস্থ্যসেবার সঙ্গে চোখের চিকিৎসা যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের সেবা কেন্দ্রে চক্ষু পরীক্ষার ব্যবস্থা, রোগী শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে পাঠানোর বিষয়টি আলোচনায় আসে।
ওএসবির সেক্রেটারি জেনারেল ডা. মো. জিন্নু রেইন বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সরকার, চিকিৎসক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করতে হবে। এ জন্য একটি কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে, যাতে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের সিভিল সার্জন ডা. মো. জাকারিয়া মাহমুদ বলেন, চক্ষুসেবার এই পরিকল্পনার আওতায় দেশের প্রতিটি মানুষকে শনাক্ত ও রোগ নির্ণয়ের পাশাপাশি কমিউনিটির সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। প্রয়োজন অনুযায়ী রোগীদের যথাযথ চিকিৎসাসেবার জন্য রেফার করতে হবে। শুধু চোখের সমস্যা নয়, অসংক্রামক রোগের বিষয়টিও গুরুত্ব পাবে। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে ডায়াবেটিস রোগীদের ওপর বিশেষ নজর দেওয়া হবে। সাভার ও ধামরাইয়ে চলমান কার্যক্রমের ফলাফল পর্যালোচনা করে উপজেলা পর্যায়ে সেবা সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে ডা. শান্তনু সাহা (সাভার ইউএইচসি ও হার্ট টু হার্ট ফাউন্ডেশন) বলেন, প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে সেবা কার্যক্রমে কিছু ঘাটতি রয়েছে। তবে এ উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এর স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। সময়মতো সেবা না পাওয়াসহ বিভিন্ন কারণে কেউ যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
ফোরামের দ্বিতীয় অধিবেশনে ‘টুওয়ার্ডস আইপিইসি: সিস্টেমস, কমিউনিটিজ অ্যান্ড পার্টনারশিপ’ শীর্ষক নীতিমালা ও বাস্তবায়নবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। ডা. খালেদা ইসলামের সঞ্চালনায় এতে অংশ নেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. এস এম এনামুল হক, হার্ট টু হার্ট ফাউন্ডেশনের হু-জিয়ং মুন, অরবিস ও আইএপিবির ডা. মুনির আহমেদ, সাইটসেভার্সের আমৃতা রেজিনা রোজারিও এবং এনসিডি ফোরামের ডা. শামীম হায়দার।
আলোচনায় প্রাথমিক চক্ষুসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করা, সেবার মান ও প্রস্তুতি নিশ্চিত করা এবং সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে যৌথ উদ্যোগ জোরদারের বিষয় উঠে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বিত জনকেন্দ্রিক চক্ষুসেবা (আইপিইসি) পদ্ধতির আলোকে স্বাস্থ্যব্যবস্থা, কমিউনিটি ও অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। এতে সমাপনী প্রতিফলনে দেশের চক্ষুসেবা ব্যবস্থার অগ্রগতি, বিদ্যমান সক্ষমতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সৈয়দ মেহবুব উল কাদির। তিনি বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল শুধু চিকিৎসাসেবা প্রদানই নয়, চক্ষু চিকিৎসায় প্রশিক্ষণ, স্নাতকোত্তর শিক্ষা এবং জাতীয় পর্যায়ে চক্ষুস্বাস্থ্য নীতি প্রণয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখছে।
তিনি জানান, গত ২ নভেম্বর অনুষ্ঠিত গ্লোবাল সামিট ফর আই হেলথে বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে দুই কোটি মানুষের কাছে মানসম্মত ও সমন্বিত চক্ষুসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে। এ লক্ষ্য অর্জনে এক কোটি চশমা বিতরণ, ১০ লাখ ছানি অস্ত্রোপচার এবং আগামী পাঁচ বছরে চক্ষুস্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণে ১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চক্ষুস্বাস্থ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর ফোরামও ২০৩০ সালের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমাতে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেছে। এ ক্ষেত্রে ছানি, দৃষ্টিজনিত ত্রুটি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, শিশুদের দৃষ্টিশক্তির সমস্যা ও কর্নিয়ার রোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চক্ষু বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তবে চক্ষুস্বাস্থ্য নিয়ে আলোচনায় চোখের আঘাত বা অকুলার ট্রমার বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকে যায় বলে মন্তব্য করেন ডা. সৈয়দ মেহবুব উল কাদির। তিনি বলেন, চোখের আঘাত প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম কারণ। উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত ছানি, দৃষ্টিজনিত ত্রুটি ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে বেশি আলোচনা হলেও ভবিষ্যতের চক্ষুস্বাস্থ্য কর্মসূচিতে চোখের আঘাত প্রতিরোধ ও চিকিৎসাকে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।
প্রতিদিন সেবা নিচ্ছেন সাড়ে তিন হাজার রোগী
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সেবার পরিসংখ্যান তুলে ধরে পরিচালক জানান, প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার রোগী এ প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেন। বছরে প্রায় ৩০ হাজার অস্ত্রোপচার করা হয়। ২০২৫ সালে হাসপাতালটি থেকে মোট ৬ লাখ ৬৬ হাজার ৩৫২ জন রোগী চক্ষুসেবা নিয়েছেন।
কমিউনিটি পর্যায়ে চক্ষুসেবা সম্প্রসারণেও প্রতিষ্ঠানটির কার্যক্রম তুলে ধরে তিনি জানান, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ২০২টি কমিউনিটি আই কেয়ার সেন্টার চালু রয়েছে। গত কয়েক বছরে এসব কেন্দ্র থেকে ৫ লাখ ২৩ হাজার ৬৮ জন রোগীকে চক্ষুসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৬ হাজার ৭২৮ জনকে চশমা বিতরণ করা হয়েছে। এসব কেন্দ্র থেকে প্রয়োজন অনুযায়ী রোগীদের বেজ সেন্টার এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর জন্য রেফারেল ব্যবস্থাও রয়েছে।
ছানি অস্ত্রোপচারের কভারেজ ৪৮ দশমিক ২ শতাংশ
দেশে ছানি অস্ত্রোপচারের কার্যকর কভারেজ বা ইফেকটিভ ক্যাটারাক্ট সার্জিক্যাল কভারেজ (ইসিএসসি) নির্ধারণে হালনাগাদ তথ্যের ঘাটতি রয়েছে বলে জানান মেহবুব উল কাদির। তিনি বলেন, ২০২০ সালে পরিচালিত র্যাপিড অ্যাসেসমেন্ট অব অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস (আরএএবি-৬) জরিপ অনুযায়ী, দেশে ছানি অস্ত্রোপচারের কভারেজের হার ছিল ৪৮ দশমিক ২ শতাংশ। বর্তমানে এনজিওগুলোর সহযোগিতায় এ বিষয়ে নতুন একটি জরিপের কাজ চলছে।
ছানি অস্ত্রোপচারের সংখ্যা ও সেবার মান পর্যবেক্ষণের বিষয়েও তথ্য তুলে ধরেন তিনি। জানান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পর্যায়ের চক্ষুসেবা কেন্দ্র, এনজিও পরিচালিত হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোতে সম্পন্ন অস্ত্রোপচারের তথ্য পর্যবেক্ষণ করছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে এ তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৫ লাখ ৮৯ হাজার ছানি অস্ত্রোপচার হয়েছে। তবে কয়েকটি হাসপাতালের তথ্য এখনো পাওয়া যায়নি। প্রায় ৩৫০টি হাসপাতালের তথ্য সংগ্রহের ভিত্তিতে এ হিসাব করা হচ্ছে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বলেন, চক্ষুসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে সরকারি-বেসরকারি হাসপাতাল, আন্তর্জাতিক সংস্থা, আইএপিবি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। কেউ যেন চক্ষুসেবার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
ফোরামে আরও বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘এসপিইসিএস ২০৩০’ উদ্যোগ এবং ২০২৬ সালের গ্লোবাল সামিট ফর আই হেলথের দিকনির্দেশনা বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে চক্ষুসেবার সমন্বয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন হার্ট টু হার্ট ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কিউ-তায়েক কাং।
বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন শুধু চশমা বিতরণ বা ছানি অস্ত্রোপচারের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত চক্ষু পরীক্ষা, দক্ষ জনবল, সেবার মান এবং কার্যকর রেফারেল ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত অংশগ্রহণই পারে দেশের চক্ষুসেবাকে বিশেষায়িত হাসপাতাল থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।
হার্ট টু হার্ট ফাউন্ডেশন মনে করে, চোখের স্বাস্থ্য কোনো বিচ্ছিন্ন স্বাস্থ্য ইস্যু নয়; বরং এটি সার্বিক স্বাস্থ্য ও সুস্থ জীবনের একটি অপরিহার্য অংশ। তাই এনসিডি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতিটি পর্যায়ে চোখের স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। ফোরামের মাধ্যমে অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে আই-এনসিডি ইন্টিগ্রেশন ও প্রাইমারি হেলথ কেয়ার ইন্টিগ্রেশন কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সময়ের আলো/আতা