প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চল। ছবি : সংগৃহীতঢাকা ও গাজীপুরের শ্রমিক আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছেন।
ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দায়িত্বে থাকা মেজর আশিক ইকবাল বলেন, ঢাকা ও গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের প্রভাব ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের অনুরোধে ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/জোই