প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার। ছবি : সময়ের আলোউখিয়ায় ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় দুই রোহিঙ্গাকে আটক করেছে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তবর্তী মিজানের ঘের নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক আসামিরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (বালুখালী), ব্লক-বি এর বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং রোহিঙ্গা ক্যাম্প-৭ (কুতুপালং), ব্লক-ই এর বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে নিয়মিত টহল পরিচালনাকালীন পালংখালী বিওপি’র বিশেষ টহল দল মিয়ানমার সীমান্ত থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা তিনটি পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টুন অর্থাৎ ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সময়ের আলো/জোই