প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
এসপি জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীতনিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
জাহাঙ্গীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকেই জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/জোই