এসপি জাহাঙ্গীরকাণ্ডে পুলিশে তোলপাড়

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে নজরদারিতে থাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের উসকানির মামলায় গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর)

2026-11-16T01:08:51+00:00
2026-11-16T01:08:51+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
এসপি জাহাঙ্গীরকাণ্ডে পুলিশে তোলপাড়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:০৮ এএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে নজরদারিতে থাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের উসকানির মামলায় গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার ভোরে বিষয়টি জানাজানি হয়। জাহাঙ্গীর আলম আরএফএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তাকে গ্রেফতার এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

এদিকে জাহাঙ্গীর আলমকে রোববার দুপুরের পর আদালত ভবনে আনা হয়। বেলা ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে তাকে হাজির করা হয়। আদালত জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
  
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ আছে, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ আছে।

সিএমপি সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাকে পাঁচলাইশ থানা পুলিশ হেফাজতে রাখা হয়।

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, তাকে আগে থেকে নজরদারিতে রাখা হয়েছিল। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে আছেন।


পুলিশ সূত্র জানায়, গেল ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাফতরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দফতরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। 

পরদিন বুধবার তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু ওই সময় আটকের বিষয়টি অস্বীকার করেন ডিআইজি। তিনি বলেছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে। শনিবার রাতে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন সেই এসপি। 

যা বললেন ডিআইজি : রোববার দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমের কাছে জাহাঙ্গীর আলমের গ্রেফতারসহ নানা বিষয়ে কথা বলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। কী অভিযোগ এবং কী ধরনের প্রমাণ পাওয়া গেছে তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে ডিআইজি বলেন, দুটি অভিযোগ। 

এক নম্বর হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এ রকম দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। একটা মেসেজে এ রকম বলা হয়েছিল, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।’ মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এ রকম একটা মেসেজ। ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে।’ এ রকম একটা মেসেজ পেয়েছি। এটার ওপর ভিত্তি করে প্রাথমিক ফৌজদারি যে মামলা সেটা দায়ের করা হয়েছে।

গ্রেফতার জাহাঙ্গীর আলমের সঙ্গে কতজনের কথোপকথন হয়েছে জানতে চাইলে ডিআইজি বলেন, এগুলো বিস্তারিত তদন্তের বিষয়। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। কারণ অফিসিয়াল সিক্রেসির কিছু বিষয় আছে। একই ব্যক্তির সঙ্গে নাকি ভিন্ন ব্যক্তির কথোপকথন এমন প্রশ্নের কোনো উত্তর দিতে অপারগতা জানান ডিআইজি।

আওয়ামী লীগের চট্টগ্রামের কোন নেতা নাকি জাতীয় পর্যায়ের নেতার সঙ্গে জাহাঙ্গীরের কথোপকথন হয় তা জানতে চাইলে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, এগুলো জিগ্যেস করে আমাকে বিব্রত করবেন না। এগুলো সেনসেটিভ বিষয়। এগুলো নিয়ে কথা বলতে পারব না।

গ্রেফতার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার বিষয়ে ডিআইজি বলেন, ডিপার্টমেন্টাল ব্যবস্থা হিসেবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠিয়েছি। সেখান থেকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সেই মামলার তদন্ত হবে। ডিপার্টমেন্টাল যে অ্যাকশন সেটাও হবে।

জাহাঙ্গীরের সঙ্গে পুলিশের আরও কেউ জড়িত আছে কি না এ প্রশ্নে ডিআইজি বলেন, এটা খতিয়ে দেখা হচ্ছে। যদি আরও কেউ থাকে, তারাও কিন্তু এই দুই প্রক্রিয়াতে আসবে। ডিপার্টমেন্টাল প্রসিডিং এবং ফৌজদারি মামলা।

ডিআইজি আরও বলেন, এজাহারে যে তথ্য সে তথ্যের বাইরে কোনো তথ্য দিতে অপারগ, সরি। আমরা মামলা করেছি। যথা নিয়মে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। অনুমোদন পাঠানোর পরে গ্রেফতার ও আইনি পদক্ষেপ গ্রহণ করছে সিএমপি।

যা বললেন সিএমপি কমিশনার : আরআরএফের গ্রেফতার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত, বাহিনী কখনো এর দায় নেবে না। 

রোববার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন। কমিশনার বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এ ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। বাহিনী কখনো তার দায় নেবে না। এটি তার ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে।

সিএমপি কমিশনার আরও বলেন, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা সেহেতু আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন নেওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়। মামলা রুজু করার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। 

পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয় কি না এমন প্রশ্নে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। কারণ যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, তা তার একান্তই ব্যক্তিগত দায়।

‘মৌ মাছির মতো মাঠে নামবে’ : জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। নরসিংদীর শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মামলার এজাহারে তার মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তার উল্লেখ রয়েছে। এই বার্তায় আছে ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে।’ ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার।’ 

‘বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’ তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল তা জানা যায়নি। তার বিরুদ্ধে ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

মোবাইল হ্যাকের দাবি স্ত্রীর : মোবাইল ফোন হ্যাক করে ফাঁসানোর দাবি করেছেন রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী মাছুমা আক্তার।

রোববার বিকালে চট্টগ্রাম মহানগরী হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের মাছুমা আক্তার এ কথা বলেন। ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে দাবি করে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, স্বামীর (জাহাঙ্গীর আলম) মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। তার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি নির্দোষ।

মাছুমা আক্তার আরও বলেন, আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা। তার মুঠোফোন হ্যাক করা হয়েছিল কি না সেটিও খতিয়ে দেখা দরকার।

গত ৮ নভেম্বর তার স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল বলে দাবি করে মাছুমা আক্তার বলেন, মুঠোফোন হ্যাক হওয়ার ঘটনায় তার স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জাহাঙ্গীর আলমের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তার স্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তার স্বামী বলেননি। তার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ ছাড়া জাহাঙ্গীরের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করে দেখা হোক।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাছুমা আক্তার বলেন, তার স্বামী একজন কৃষকের সন্তান। তার বাবার আয়ে একসময় পরিবারের ১২ সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীরের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তার স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি।

শনিবার রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় জাহাঙ্গীর আলমকে। রোববার বিকালে তাকে চট্টগ্রাম মহানগরী হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   এসপি  জাহাঙ্গীর  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: