গোপালগঞ্জে আ.লীগের তাণ্ডব

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী

2026-11-16T00:52:17+00:00
2026-11-16T00:52:17+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে আ.লীগের তাণ্ডব
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এএম 
ছবি : সময়ের আলো
লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার কয়েক ঘণ্টার এই বিক্ষোভ ও মহড়ায় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙার ঘটনা ঘটে। 

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় এবং দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তারা। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের সেøাগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাঁতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর
এর আগে গত শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


ডিসি-এসপি প্রত্যাহার : গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফুজ্জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার পর জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকায় তারা দায়িত্ব পালন করবেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরাও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। প্রয়োজনে অতিরিক্ত জনবল মোতায়েনের প্রস্তুতিও রয়েছে। সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা কিংবা নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করছেন। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সদরসহ চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের পাড়া-মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে জড়ো হওয়ার পর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে তারা বিসিক ব্রিজ হয়ে শহরে মিছিল নিয়ে আসেন। 

এ সময় বিক্ষোভকারীদের হাতে লগি-বৈঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিল চলাকালে পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামের ব্যানারও টাঙানো হয়। এ ছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। 

এসব ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। দুপুরের পর থেকে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

টুঙ্গিপাড়ায় পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার এ ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   গোপালগঞ্জ  আ.লীগ  তাণ্ডব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: