সময়ের আলোর ফাইল ছবিরংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কলেজশিক্ষক ও আনসার সদস্য। এর মধ্যে জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন এবং ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রোববার (১৫ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগে বাসচালক আজির উদ্দিন ও তার সহকারী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আতিকুল ইসলাম (৩০)। তিনি বর্তমানে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মুকুলের বাবা মহুবার রহমান ওরফে কালু মিয়া বাদী হয়ে বাসচালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা তারাগঞ্জ হাইওয়ে পুলিশের শামিদুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীদের জিম্মি করে টাকা আদায় এবং বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে। তবে মামলার এজাহারে উল্লেখ করা অভিযোগের সত্যতা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রোববার ভোরে পাগলাপীর-গঞ্জীপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
নিহতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০) এবং কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫)।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জনক রায় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সাইফুল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
একদিনে পৃথক তিনটি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে নিহতদের পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জোই