প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যাময়মনসিংহ নগরীতে সুরুজ্জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ্জামানের বাবার নাম আলহাজ আবু বকর সিদ্দিক। তার বড় ভাই নোমান কাউছার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে সুরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।
এদিকে, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আমীন খসরু এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সময়ের আলো/জোই