ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৬ বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের

2026-11-15T20:43:54+00:00
2026-11-15T20:43:54+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৬ বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম 
বাড়িতে হামলা, ভাঙচুর। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িসহ ছয়টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে ছফির উদ্দিনের ছেলে সজিব ফকির শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উপজেলার টেপিরবাড়ি গ্রামের আতা উল্লাহর ছেলে সাকিব (২৫), মারুফ (২৩) ও মাহফুজ (২১) এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সজিব ফকিরের অভিযোগ, শনিবার রাত ১০টার দিকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় স্থানীয়রা প্রতিবেশী সাকিবকে হাতেনাতে আটক করেন। এ সময় হট্টগোল শুনে তিনি ঘটনাস্থলে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দিয়ে চলে যান সাকিব।

এর প্রায় আড়াই ঘণ্টা পর সাকিব, মারুফ ও মাহফুজসহ ১০-১২ জন কিশোর রড, দা, ছুরি ও লাঠি নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ছয়টি বাড়ির ফটক, ঘর ও দরজায় দা দিয়ে কোপানো হয়। হামলাকারীরা ফাঁকা গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে পাটের বস্তায় পেট্রল ঢেলে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় বাড়ির বাসিন্দাদের পুড়িয়ে মারার হুমকিও দেয় তারা।


সজিব ফকির আরও বলেন, শিল্পকারখানাকেন্দ্রিক এ এলাকায় বিভিন্ন জেলার মানুষ বসবাস করেন। কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রায়ই তাদের মোবাইল ফোন ও বেতনের টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভয়ে সাধারণ মানুষ এসব ঘটনার প্রতিবাদ করেন না। শনিবার রাতেও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। যাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তারা সবাই ওই ছিনতাইয়ের প্রতিবাদ করেছিলেন।

জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  কিশোর গ্যাং  ছিনতাই  বাড়িতে হামলা  ভাঙচুর  অগ্নিসংযোগের চেষ্টা  ককটেল বিস্ফোরণ  মুলাইদ  অপরাধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: