কুষ্টিয়া সার্কিট হাউসে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি : সংগৃহীতসংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় তদন্তের স্বার্থে এ সময় চাওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা জমা দিতে পারেনি কমিটি।
রোববার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
তিনি জানান, দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির সব সদস্য বৈঠকে বসেন। সেখানে সবার সর্ব সম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়।
সময় বাড়ানোর কারণ ব্যাখ্যা করে আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে।
ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সেগুলো সমন্বয় করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কমিটির অন্য সদস্যরা হলেন-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দৈনিক সময়ের আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন