প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম
গ্রামীণ ব্যাংক শ্রীপুর-টেংরা শাখা। ছবি : সময়ের আলোগাজীপুরে গ্রামীণ ব্যাংক শ্রীপুর-টেংরা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যাংক কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে আগুন দেওয়ার চেষ্টা চালালে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় গ্রামীণ ব্যাংক দীর্ঘ যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ওই শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈশপ্রহরী দায়িত্বরত ছিল। রাত ২টার নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংক শ্রীপুর-টেংরা শাখার নৈশপ্রহরী মো. ফরিদ বলেন, রোববার রাতে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। হঠাৎ করে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা চলে যান। চিৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।
শাখাটির ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। রাতেই জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সময়ের আলো/এনএন