ভোটের আগে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে নারাজ প্রার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সারা দেশে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চাইতে শ্রমিকদের

2026-11-15T18:18:05+00:00
2026-11-15T18:18:05+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভোটের আগে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে নারাজ প্রার্থীরা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সারা দেশে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চাইতে শ্রমিকদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তবে শ্রমিকদের দাবি-দাওয়া বাস্তবায়নে এখনো লিখিত প্রতিশ্রুতি বা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেনি কোনো প্যানেল। এতে ভোটের আগে প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন চা শ্রমিকরা।

শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হলে তাদের জন্য কী কী উদ্যোগ নেওয়া হবে, তা সুনির্দিষ্টভাবে ইশতেহারে তুলে ধরবেন প্রার্থীরা। কিন্তু প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত কোনো প্যানেল ইশতেহার প্রকাশ করেনি। ফলে ভোটের আগে প্রার্থীদের কাছে জবাবদিহির ভিত্তি হিসেবে একটি লিখিত ইশতেহার চাইছেন শ্রমিকরা।

এবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে তারা আলোচনা করছেন। প্রচারণার সময়ও তুলনামূলক কম। তারপরও দ্রুত সময়ের মধ্যে ইশতেহার প্রকাশের চেষ্টা করবেন তারা।

অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, তারাও দ্রুত ইশতেহার প্রকাশের পরিকল্পনা করছেন। তবে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না, যা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে না পারা লজ্জাজনক। তাই চা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ইশতেহার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

চা শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক মানবিক মর্যাদা থেকে তারা বঞ্চিত। স্থায়ী চা শ্রমিক বৃটিশ ঘাটোয়াল বলেন, চা শ্রমিকরা শুধু চা উৎপাদনের সঙ্গে যুক্ত নন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ যুগের পর যুগ তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে দুই বেলা ডাল-ভাতের ব্যবস্থাও করা কঠিন।

তিনি বলেন, কিছুদিন আগে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ ও ৫ শতাংশ গেজেট বাতিলের দাবিতে চা শ্রমিকরা জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। আন্দোলন চলাকালেই নির্বাচনের ঘোষণা আসে। রাজপথের আন্দোলনের পাশাপাশি ইউনিয়নের নির্বাচনকেও শ্রমিকদের অধিকার আদায়ের মঞ্চ হিসেবে কাজে লাগাতে চান তাঁরা।

স্থায়ী নারী চা শ্রমিক দুখিয়া রবিদাশ বলেন, চা শ্রমিকরা শুধু মজুরি বৈষম্যের শিকার নন, মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এখন পর্যন্ত তাদের ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থাও অত্যন্ত নাজুক। সিলেটের কোনো চা বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নামে হাসপাতাল থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা, প্রশিক্ষিত নার্স কিংবা মিডওয়াইফ নেই।

তিনি আরও বলেন, বছরের পর বছর কাজ করেও অনেক অস্থায়ী শ্রমিক স্থায়ী হতে পারছেন না। ওজনে কম দেওয়া থেকে শুরু করে নানা অনিয়মের শিকার হচ্ছেন শ্রমিকরা। চা বাগানের সেকশনে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও শৌচাগার না থাকায় বিশেষ করে নারী শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়। শ্রম আইনের বিভিন্ন ধারা তাদের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে রয়েছে। এর মধ্যে চা বাগানের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প ও মসলা চাষসহ বিভিন্ন প্রকল্প চালুর উদ্যোগকে চা শিল্পের জন্য বিপজ্জনক বলেও মনে করেন তিনি।

আরেক চা শ্রমিক মহিমা উরাং বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অতীতে আপসকামী, সুবিধাবাদী ও মালিকপক্ষের স্বার্থের প্রতিনিধিত্বকারী নেতাদের কারণে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের নির্বাচনে আপসহীন ও লড়াকু নেতৃত্ব বেছে নিতে না পারলে আবারও চা শ্রমিকদের স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, নির্বাচনি ইশতেহারে চা শ্রমিকদের মৌলিক অধিকার ও দীর্ঘদিনের দাবিগুলো অগ্রাধিকার পাওয়া উচিত। এর মধ্যে রয়েছে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও পূর্ণাঙ্গ রেশন চালু, ভূমির আইনি অধিকার নিশ্চিত করা এবং চা বাগানের জমিতে চা শিল্প বিরোধী প্রকল্প বন্ধ করা।

তিনি আরও বলেন, ঐতিহাসিক ২০ মে ‘মুল্লুক চলো’ আন্দোলনে শহিদ চা শ্রমিকদের স্মরণে সিলেট ভ্যালিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে। পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, সেকশনে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা এবং কীটনাশক প্রয়োগকারী শ্রমিকদের মাস্ক, গ্লাভসসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে।

শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের (পি. এফ) অর্থ দ্রুত পরিশোধ, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে পেনশনের টাকা দেওয়া, সিলেটে ভ্যালি অফিস স্থাপন এবং প্রতি তিন মাসে শ্রমিকদের আর্থিক হিসাব জানাতে ওয়েবসাইট চালুর দাবিও জানান তিনি।


শিক্ষার বিষয়ে সঞ্জয় দাস বলেন, প্রতিটি ভ্যালির প্রতিটি চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষিত চা শ্রমিকের সন্তানদের যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে বাগানের বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা রাখতে হবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তার প্রস্তাব, প্রতিটি বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। প্রতিটি ভ্যালিতে চা শ্রমিকদের জন্য ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিও জানান তিনি।

এ ছাড়া সিলেটে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনে চা শ্রমিকদের স্বার্থবিরোধী ধারা বাতিল, সব চুক্তি বাংলায় সম্পাদন এবং কোম্পানির মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশ নিশ্চিত করার দাবি রয়েছে। চা শ্রমিকদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি খেলাধুলার জন্য মাঠ ও সরঞ্জাম নিশ্চিত করার কথাও বলেন তিনি।

শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত বলেন, নির্বাচনী ইশতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রার্থী বা প্যানেল ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেবে, নির্বাচিত হওয়ার পর সেগুলোর ভিত্তিতেই তাদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। শ্রমিকরাও প্রতিশ্রুতির ভিত্তিতে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, ইশতেহারের গুরুত্ব শুধু রাজনৈতিক দলের নির্বাচনে সীমাবদ্ধ নয়, শ্রমিক সংগঠনের নির্বাচনেও এর প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি প্যানেলের লিখিত ইশতেহার প্রকাশ করা উচিত। এতে নির্বাচনের আগে শ্রমিকদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাদের জবাবদিহি নিশ্চিত করা যাবে।

তপন দত্তের মতে, ইশতেহার প্রকাশ না করলে ভবিষ্যতে প্রতিশ্রুতি নিয়ে জবাবদিহি এড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তাই সব প্যানেলেরই নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করা প্রয়োজন। এতে শ্রমিকরা প্রার্থীদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি যাচাই করতে পারবেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চা শ্রমিক  চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন  নির্বাচনি ইশতেহার  চা শ্রমিকদের দাবি  দৈনিক মজুরি  ভূমির অধিকার  চা বাগান  মৌলভীবাজার  সিলেট  শ্রমিক আন্দোলন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: