জলবায়ু অর্থায়নে কৃষকের ন্যায্য হিস্যা চান সিংড়ার কৃষকরা। ছবি : সময়ের আলোজলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের ক্ষতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জীবন-জীবিকা নিয়ে ক্রমেই সংকটে পড়ছেন কৃষকরা। অথচ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকদের বাস্তব সমস্যা ও চাহিদা যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অভিযোজন অর্থায়নের চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার হলেও এ খাতে বরাদ্দ মাত্র ২০ শতাংশ। এই বৈষম্য দূর করে কৃষকদের জন্য সরাসরি অনুদান, নবায়নযোগ্য জ্বালানির মালিকানা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠেছে।
এ দাবিতে রোববার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছের প্রাঙ্গণে নারী কৃষক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ‘কৃষক থেকে ক্রেতা’ ব্যানারে দিনব্যাপী উন্মুক্ত পণ্য প্রদর্শনী ও বাজারের আয়োজন করা হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তবসম্মত অর্থায়নের কোনো নিশ্চয়তা না আসার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কপ-৩১ উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া : ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে এ আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, ফিডা নিউজ, ইনডিপেনডেন্ট রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক (প্রাণ) এবং কৃষক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ-৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন, বাস্তবায়নের সময়সীমা কিংবা কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বে জলবায়ু অভিযোজনের মোট চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। বিপরীতে এ খাতে অভিযোজন অর্থায়নের মাত্র ২০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়।
বক্তারা আরও জানান, জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালে ছিল ৪৭ শতাংশ। ২০২৩ সালে তা কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
সমাবেশ থেকে ২০ নভেম্বর কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৃষি ও খাদ্যব্যবস্থার চাহিদার অনুপাতে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। একই সঙ্গে এ অর্থ ঋণ হিসেবে নয়, সরাসরি অনুদান হিসেবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে কৃষকদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি তোলেন অংশগ্রহণকারীরা। জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব রাখার আহ্বান জানানো হয়। এসব প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রতিও অনুরোধ জানান তাঁরা।
কর্মসূচিতে কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নারী কৃষক ও স্থানীয় কৃষকেরা অংশ নেন।
কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালা বলেন, কৃষকের কথা না শুনে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত না রেখে কোনো রূপান্তর সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে কৃষকদের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। তাঁরা শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষকদের কার্যকর অংশগ্রহণ চান।
সময়ের আলো/জোই