জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন

খুলনা সংবাদদাতা

সারাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও পর্যাপ্ত অর্থায়নের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের

2026-11-15T18:27:47+00:00
2026-11-15T18:27:47+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন
খুলনা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে কর্মসূচির আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি। ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও পর্যাপ্ত অর্থায়নের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে নৌকায় প্রদর্শন করা হয় খালি মাটির কলসি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর প্রাণ ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে এ কর্মসূচির আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি। সহযোগিতা করে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নৌকার ওপর খালি মাটির কলসি, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন ও নাব্যতা হ্রাসসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও কার্বন নিঃসরণের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। একই সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা হ্রাস, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগও উপকূলীয় মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে।

তারা বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা ও পরিবেশগত বিপর্যয়ের মতো নানা সমস্যায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশের মানুষ দায়ী নন। অথচ এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন উপকূলের বাসিন্দারা। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে তা পৌঁছে দিতে হবে।

তাদের ভাষ্য, এই অর্থ কোনো দান, ঋণ বা অনুদান নয়; এটি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কার্যকর অভিযোজন ব্যবস্থা ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটির সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির ও হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন এবং লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুণ্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা ও প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শওকত হোসেন।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জলবায়ু ক্ষতিপূরণ  দাবি  খুলনা  নৌকা  মানববন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: