তাবাসসুম গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের পোড়া ঘর দেখাচ্ছেন। ছবি : সময়ের আলো জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য এখনো কাটেনি। এর মধ্যেই শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই হিসেবে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) শেষ দিন। তদন্ত কমিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আগুনের উৎস, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা এবং পরিকল্পিত হামলার অভিযোগের বিষয়ে কী উঠে আসে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে বৃহস্পতিবারজাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তবে, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাথমিক পর্যবেক্ষণেও জানা গেছে, শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম দৈনিক সময়ের আলোকে বলেন, পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের স্থাপিত মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুন লেগেছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখছি না।
পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওঅ্যান্ডএম) তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত পাওয়া গেছে।
তার দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এসব আলামত অক্ষত থাকায় তাদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দৈনিক সময়ের আলোকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
তদন্ত কমিটির সদস্য ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে শনিবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। এদিনও কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে বৈঠক করছেন। আগামীকাল রোববার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্তের স্বার্থে এর বাইরে আপাতত আর কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
তদন্ত কমিটির আরেক সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগামীকাল ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে।
সময়ের আলো/আতা