প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম
শনিবার বিকালে উপজেলার কমলনগর বাজারে বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীতহবিগঞ্জের মাধবপুরে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতার একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তার আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
একইসঙ্গে আগামী ১৫ নভেম্বর উপজেলার তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৪তম সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে পুলিশের হস্তক্ষেপে মাহফিলে অংশ নিচ্ছেন না গিয়াস উদ্দিন আত তাহেরী। তবে নির্ধারিত সময়েই মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার কমলনগর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহরা ইউনিয়ন শাখার সভাপতি শাহিন আলম রিপন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সদস্য মুজাহিদ চৌধুরী, যুবদল নেতা রাজেল আহমেদসহ স্থানীয় সুন্নী জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদরা দরবার শরীফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াহিদীর সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৫ নভেম্বর তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৪তম সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশেষ বক্তা হিসেবে পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর উপস্থিত থাকার কথা ছিল।
তবে তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের মধ্যে আপত্তি ও অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে কমলনগর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে আগামী ১৫ নভেম্বরের সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণাও দেওয়া হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সময়ের আলোকে জানান, বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে আয়োজক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। মাহফিল যথারীতি অনুষ্ঠিত হবে, তবে গিয়াস উদ্দিন আত তাহেরী মাহফিলে আসবেন না।
সময়ের আলো/এনএন